সিঙ্ক হাতে টুইটার অফিসে মাস্ক

২৭ অক্টোবর, ২০২২ ২৩:০০  
সবচেয়ে সক্রিয় ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে ধরে রাখতে বেগ পেতে হচ্ছে মাইক্রো ব্লগ টুইটারকে। কেননা, ‘হেভি হিটাররা’প্ল্যাটফর্মটিতে আগের মতো সক্রিয় নন। সেখানে ক্রিপ্টো মুদ্রা আর ‘নট সেইফ ফর ওয়ার্ক (এনএসএফডব্লিউ)’ কনটেন্ট নিয়ে আগ্রহ সবচেয়ে বেশি। প্রতিদিনকার সংবাদ, খেলাধুলা এবং বিনোদনকেন্দ্রীক কনটেন্টের প্রতি ব্যবহারকারীদের আগ্রহ কমছে। জরিপ বলছে ‘হেভি টুইটার’ ব্যক্তিদের সংখ্যা টুইটারের মাসিক নিয়মিত ব্যবহারকারীদের ১০ শতাংশেরও কম। অথচ তাদের টুইট থেকেই টুইটারের ৯০ শতাংশ টুইটের সূত্রপাত। এর মাধ্যমে বিশ্ববাজার থেকে কোম্পানির আয়ের অর্ধেক আসে- এমন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতিতে অধিগ্রহণ চুক্তি সারতে আদালতের বেঁধে দেওয়া সময়ের ৪৮ ঘণ্টা বাকি থাকতেই টুইটার সদর দপ্তরে পা দিয়েছেন নয়া ‘চিফ টুইট’ ইলন মাস্ক। সঙ্গে নিয়েছেন একটি সিঙ্ক! সিঙ্ক হাতে টুইটার কার্যালয়ে প্রবেশের অন্তর্নিহিত অর্থ অবশ্য ব্যাখ্যা করেননি মাস্ক। তবে, পরের এক টুইটে তা খোলাসা করেছেন। লিখেছেন- “আজকে টুইটারে চমৎকার সব মানুষের সঙ্গে দেখা হচ্ছে।” এদিকে মাস্ক আদৌ আদালতের বেঁধে দেওয়া সময়ে মধ্যে মালিকানা হাতবদলের আনুষ্ঠানিকতা সারবেন কি না, সেই সংশয় অনেকটাই দূর হয়েছে টেসলার ‘টেকনোকিং’ এর ওই পোস্টে। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, কোম্পানির সবচেয়ে বড় শেয়ার মালিক হিসেবে ইলন মাস্ক শুক্রবারেই হয়ত কর্মীদের উদ্দেশে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারেন। কিন্তু টেসলার ‘সেলফ ড্রাইভিং’ প্রযুক্তি নিয়ে যে বিচারিক তদন্ত চলছে, সে প্রসঙ্গে এখনও মুখে কুলুপ এঁটে আছেন মাস্ক। ‘অটোপাইলট’ ব্যবস্থা চালু থাকা অবস্থায় এক ডজনের বেশি টেসলা গাড়ির দুর্ঘটনা এবং একাধিক প্রাণহানির জেরেই তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।